রানীশংকৈলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশনে বসেছেন এক তরুণী।
চাকরির সুবাদে ঢাকায় প্রায় দুই বছর একসঙ্গে বসবাসের পর বিয়েতে অস্বীকৃতির অভিযোগে তিনি এ অবস্থান নিয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনশনরত তরুণীর নাম কুলসুম। তাঁর বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলায়। কুলসুমের ভাষ্য, চাকরির কারণে তিনি ঢাকার জিরানী এলাকায় থাকতেন। একই সময়ে মন্ডলপাড়া গ্রামের শামীম নামের এক যুবক ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় থাকতেন। সেখানেই তাঁদের পরিচয় ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

কুলসুমের অভিযোগ, সম্পর্কের একপর্যায়ে তাঁরা প্রায় দুই বছর স্বামী-স্ত্রী পরিচয়ে ঢাকায় একসঙ্গে বসবাস করেন। পরে বিয়ের কথা বললে শামীম নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতে থাকেন। একপর্যায়ে বিয়ের জন্য চাপ দিলে শামীম ঢাকার বাসা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসেন।

সম্প্রতি শামীম অন্যত্র বিয়ে করছেন—এমন খবর জানতে পেরে কুলসুম ঢাকা থেকে রাণীশংকৈলে আসেন। এরপর শনিবার থেকে মন্ডলপাড়া গ্রামে শামীমের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, অনশন শুরুর পর থেকেই তরুণীটি শামীমের বাড়ির সামনে অবস্থান করছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে শামীমের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share This Article
Leave a Comment