ঠাকুরগাঁওয়ে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কিশোরীর বাবার করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার উত্তম রায় উপজেলার কদু বর্মণের ছেলে। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা জীবিকার প্রয়োজনে ঢাকায় থাকেন। বাড়িতে মা ও ভাইয়েরা বাইরে কাজে গেলে আসামি বিভিন্ন সময় কিশোরীকে ভয়ভীতি দেখাতেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছের একটি ভুট্টাখেতে কাজ করতে গেলে ধারালো অস্ত্র দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করেন উত্তম রায়। পরে গত ১৬ ফেব্রুয়ারি সকালে একইভাবে তাকে পাশের একটি পাটখেতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ করা হয়েছে। ঘটনাগুলো কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে।

ভয়ে কিশোরী দীর্ঘদিন পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়নি। সম্প্রতি তার শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাকে চিকিৎসকের কাছে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।

এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে চাইলে কিশোরী তাদের কাছে ঘটনার কথা জানায়। পরে তার বাবা থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা নিয়ে উত্তম রায়কে গ্রেপ্তার করে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This Article
Leave a Comment