বিশিষ্ট আলেম ও ইসালামী ব্যক্তিদের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি বশিরুল্লাহ।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার ও মাওলানা মীর ইদরিস নদভি, প্রধানমন্ত্রীর কার্যালয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম, জাতীয় ইমাম খতিব কাউন্সিলের কো-অর্ডিনেটর মাওলানা ফয়সাল এবং খতমে নবুওয়াত বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনামলে বিশিষ্ট আলেম-ওলামাদের ওপর নির্যাতন এবং কারাগারে বন্দিজীবনের দুঃসহ স্মৃতির কথা স্মরণ করেন। তিনি বলেন, স্বৈরাচারের পতনের পর মহান আল্লাহ দেশ গড়ার যে সুযোগ দিয়েছেন, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, ফ্যাসিবাদী দুঃশাসন যেন দেশে আর ফিরে না আসে এবং ধর্মের নামে কেউ যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী পণ্ডিত ও আলেম-ওলামাদের সম্মান করতেন। ইসলামের প্রতি শ্রদ্ধাবোধ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রহিম’ সংযোজন করেন। পাশাপাশি রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অন্তর্ভুক্ত করেন।
রাষ্ট্রপতি জানান, তিনি বর্তমানে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। তবে ইসলামী মূল্যবোধ ও শরিয়াহর পরিপন্থী কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে তিনি সচেতন থাকবেন।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি মধ্যপ্রাচ্যের ধনী ও উন্নত দেশগুলোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং অনুদান সহায়তা আনার ক্ষেত্রে তাদের আরবি ভাষায় দক্ষতা, যোগাযোগের সক্ষমতা ও ব্যক্তিগত যোগাযোগ কাজে লাগানোর বিষয়ে আলোচনা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপতি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেন। পাশাপাশি এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি রাষ্ট্রপতিকে চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মাদরাসা এবং ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা পরিদর্শনের আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে মাদরাসা দুটি পরিদর্শন এবং হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন।
দৈনিক উত্তর দিগন্ত

