ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আননিকা আক্তার (১৬) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটের দিকে তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মৃত আননিকা আক্তার ঠাকুরগাঁও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মুসলিমনগর এলাকার বাসিন্দা। তিনি বিপ্লব সিকদারের মেয়ে।
হাসপাতাল সূত্রে জানা যায়, এলাকাবাসী আননিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্বজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মরদেহ নিয়ে যান।
প্রাথমিকভাবে জানা গেছে, অভিমান করে আননিকা ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি।

