ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ননী গোপাল বিশ্বাস (৩৫) নামের এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় ঢাকা থেকে রাণীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি চালানো হয়।
এজাহারে বলা হয়েছে, বাসটির ‘এ-৪’ নম্বর আসনে বসা ননী গোপাল বিশ্বাসের দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর দেখানো অনুযায়ী বাসের মাঝামাঝি অংশের নিচের লকারে থাকা একটি ট্রলি ব্যাগে তল্লাশি চালানো হয়। ব্যাগটির বিশেষ একটি চেম্বার থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০টি ও সবুজ রঙের ৫০টি ট্যাবলেট রয়েছে। মোট ৪ হাজার ৯৭০টি ট্যাবলেটের ওজন ৪৯৭ গ্রাম বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযানের সময় ইয়াবার নমুনা হিসেবে দুটি ট্যাবলেট আলাদা করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়। পাশাপাশি উদ্ধার করা ইয়াবা, ব্যাগসহ অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, জিজ্ঞাসাবাদে ননী গোপাল বিশ্বাস ইয়াবাগুলো তাঁর বলে স্বীকার করেন। পরে তাঁকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্রির উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণের অভিযোগে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দেওয়া হয়েছে। মামলাটির তদন্তের ব্যবস্থা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এজাহারে ননী গোপাল বিশ্বাসের স্থায়ী ঠিকানা দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকায় এবং বর্তমান ঠিকানা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট মন্দিরপাড়া এলাকায় উল্লেখ করা হয়েছে।

