নাইজেরিয়ায় যাত্রীবাহী নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যাওয়ার পথে যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

সংস্থাটির মুখপাত্র মানজো এজেকি জানান, গত শুক্রবার (২১ নভেম্বর) নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। একটি সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায়ে দাফন অনুষ্ঠানে যোগ দিতে যাত্রীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে সেটি পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। এখনো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং কতজন নিখোঁজ রয়েছেন, তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটিতে সমস্যা দেখা দিয়েছিল। মুসা মোহাম্মদের ভাষ্য অনুযায়ী, বিপদের বিষয়টি বুঝতে পেরে যাত্রীরা চালককে নৌকাটি তীরের দিকে নিয়ে যাওয়ার অনুরোধ করেছিলেন। তবে চালক তাঁদের অনুরোধ উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। নৌকাটি ডুবে যাওয়ার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় নৌযানটির ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এদিকে দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌযান পরিচালনাকারী ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে।

রাজ্যের তথ্যবিষয়ক কমিশনার এবিউওউ কোকু-ওবিয়াই শনিবার এক বিবৃতিতে বলেন, নৌযানে অতিরিক্ত যাত্রী বহন, অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং লাইফ জ্যাকেট ছাড়া যাতায়াত বন্ধ করতে হবে। কোনো যাত্রাই মানুষের জীবনের চেয়ে বেশি মূল্যবান নয় বলেও উল্লেখ করেন তিনি।

Share This Article
Leave a Comment