দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ে আরও ৯৪১ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হামের রোগী শনাক্ত করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিন ও কন্ট্রোলরুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজন এবং হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৭৮৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৯টি শিশু। এ নিয়ে উক্ত সময়ে হাম ও এর উপসর্গ মিলিয়ে সর্বমোট ৮৮৫ শিশুর মৃত্যু হলো।
একই সময়ে দেশে মোট ১ লাখ ৩৯ হাজার ১২৫ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৪৬৯ জনের দেহে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের সংক্রমণ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪ হাজার ৭১৭ জন হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

