রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মনোনয়ন চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের পর

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তার মনোনয়ন চূড়ান্ত করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিষয়টি ‘ডেইলি ওয়াদা’কে নিশ্চিত করেছেন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। তিনি জানান, দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যানের পক্ষ থেকে তার নাম চূড়ান্ত করা হয়েছে বলেও দাবি করেন ওই নেতা।

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের আরও কয়েকজন জ্যেষ্ঠ নেতার সঙ্গে কথা বলেছে ‘ডেইলি ওয়াদা’। তাদের কয়েকজন জানান, প্রার্থী মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর নির্ভর করছে। তবে এ বিষয়ে তাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন নেতা অবশ্য মির্জা ফখরুলকে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে রোববার (৯ আগস্ট) সকালে নির্বাচন কমিশন থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি। দলের ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সদর দপ্তরে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর অর্পণ করে। জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদীয় সমর্থনে বড় কোনো পরিবর্তন না হলে দলটির মনোনীত প্রার্থীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজন হলে ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে ভোটগ্রহণ করা হবে। তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একমাত্র বৈধ প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না। সে ক্ষেত্রে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে।

এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ সাহাবুদ্দিন। তার পদত্যাগের পর রাষ্ট্রপতির পদটি শূন্য হয়। এরপর থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবিধান ও রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment