জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি ভর্তির আবেদন শুরু কাল, যেভাবে করবেন

নিজস্ব প্রতিবেদক
4 Min Read
ছবি: জাতীয় বিশ্ববিদ্যালয়

নিউজ ডেস্ক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস) প্রোগ্রামে ভর্তি আবেদন শুরু হচ্ছে আগামীকাল রোববার বিকেল ৪টা থেকে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তির পর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৫ অক্টোবর থেকে।

শনিবার (১৫ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল শাখার ডিন ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেধাতালিকা যেভাবে

বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি কলেজে কোর্সভিত্তিক পৃথক মেধাতালিকা তৈরি করা হবে। একই মেধা নম্বর হলে এসএসসি ও এইচএসসির জিপিএ যথাক্রমে ৪০ ও ৬০ শতাংশ হারে বিবেচনা করা হবে। প্রয়োজন হলে মোট নম্বরও বিবেচনায় নেওয়া হবে।

এরপরও যদি সমতা থাকে, সে ক্ষেত্রে কম বয়সী শিক্ষার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তি কার্যক্রম ১ম ও ২য় মেধাতালিকা, কোটার মেধাতালিকা এবং ১ম ও ২য় রিলিজ স্লিপের মাধ্যমে সম্পন্ন হবে। তবে এবার ৩য় রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ থাকছে না।

কারা আবেদন করতে পারবেন

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি) এবং ডিপ্লোমা-ইন-কমার্স উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

এ-লেভেল, ও-লেভেল ও বিদেশি সনদধারীদের নির্ধারিত নিয়মে সরাসরি ডিন অফিসে অথবা ই-মেইলের মাধ্যমে আবেদন করতে হবে।

আগের ভর্তি থাকলে কী করবেন

গত দুই শিক্ষাবর্ষে—২০২৪-২৫ ও ২০২৫-২৬—স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল বা স্নাতক (পাস) প্রোগ্রামে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন কার্ড পাওয়া শিক্ষার্থীরা নতুন করে এ শিক্ষাবর্ষে ভর্তি হতে পারবেন না।

তবে আগের ভর্তি বাতিল করে নতুন শিক্ষাবর্ষে আবেদন করা যাবে। কোনো শিক্ষার্থী দ্বৈতভাবে ভর্তি হলে তার উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি ১ হাজার টাকা

প্রাথমিক আবেদন ফরমের সঙ্গে আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে। কলেজ কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতিতে অথবা সরাসরি এ ফি নেওয়া হবে।

আবেদনকারীর তথ্য যাচাই করে কলেজ কর্তৃপক্ষ অনলাইনে আবেদন নিশ্চিত করবে। এই নিশ্চয়ন ছাড়া কোনো আবেদনকারীকে মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

অনলাইনে আবেদন করবেন যেভাবে

আবেদন করতে প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর Degree Pass নির্বাচন করে বাম পাশের Apply Now বাটনে ক্লিক করতে হবে।

এরপর এসএসসি ও এইচএসসির রোল নম্বর দিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদনকারীর নামসহ প্রয়োজনীয় তথ্য ওয়েবসাইটে প্রদর্শিত হবে।

পরবর্তী ধাপে বিভাগ ও জেলা অনুযায়ী College Selection Option থেকে পছন্দের কলেজ নির্বাচন করতে হবে। নির্বাচিত কলেজে সংশ্লিষ্ট বিষয়ে শূন্য আসনের তালিকা দেখা যাবে।

সেখান থেকে আবেদনকারীর ভর্তি-যোগ্য (Eligible) বিষয়গুলো নির্বাচন করে পছন্দক্রম নির্ধারণ করতে হবে। সর্বোচ্চ পাঁচটি কলেজে বিষয় পছন্দ দিয়ে আবেদন ফরম পূরণ করা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সের ভর্তিবিষয়ক বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে।

আবেদন শেষে যা করবেন

আবেদন সম্পন্ন হলে ফরমটি ডাউনলোড করে অফসেট সাদা কাগজে প্রিন্ট করতে হবে অথবা পিডিএফ কপি সংরক্ষণ করতে হবে। এরপর আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে এবং কলেজের নির্ধারিত পদ্ধতিতে ১ হাজার টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে।

আবেদন ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

Share This Article
Leave a Comment