নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২৯ অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করার পর কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের নির্বাচনের সময়সূচি জানান।
চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হন দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে ২১ আগস্ট তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এরপর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথের পর শূন্য হওয়া আসনটিতে এবার উপনির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন।

