ডেস্ক নিউজ: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দিতে আগ্রহী প্রবাসী ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করতে পারবেন। আজ শনিবার ১২ সেপ্টেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে এ নিবন্ধন করা যাবে।
অন্যদিকে, দেশের বাইরে নয়, দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ (আইসিপিভি) ব্যবস্থায় ভোট দিতে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন বলে নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে।
শনিবার প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য জানান।
ইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী চার শ্রেণির ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন। তাঁরা হলেন বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটার, নিজ নির্বাচনী এলাকার বাইরে চাকরি বা সরকারি দায়িত্বে থাকা ব্যক্তি, কারাগার বা আইনি হেফাজতে থাকা বন্দি এবং নিজ ভোটকেন্দ্রের বাইরে নির্বাচন-সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রবাসী ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন, তাঁদের ক্ষেত্রে ই-মেইল, হোয়াটসঅ্যাপ অথবা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার বিষয়ে সম্মতি নেওয়া হবে। এরপর তাঁদের বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
এ ছাড়া বিদেশে অবস্থানরত ঠাকুরগাঁও-১ আসনের যেসব ভোটার আগে নিবন্ধন করেননি, তাঁরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নতুন করে নিবন্ধন করে উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রেও একইভাবে পোস্টাল ভোটের ব্যবস্থা রাখা হয়েছে। গত জাতীয় নির্বাচনে নিবন্ধিত কর্মকর্তা-কর্মচারীদের এসএমএসের মাধ্যমে উপনির্বাচনে ভোট দেওয়ার সম্মতি নেওয়া হবে। এরপর তাঁদের হালনাগাদ বর্তমান ঠিকানায় ব্যালট পাঠানো হবে।
যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী আগের নির্বাচনে পোস্টাল ভোটের জন্য নিবন্ধিত ছিলেন না, তাঁরাও নির্ধারিত সময়ে নতুন করে নিবন্ধন করে এ সুবিধা নিতে পারবেন। একই সঙ্গে উপনির্বাচনে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
এদিকে, কারাগারে থাকা ভোটারদের জন্যও পোস্টাল ভোটের সুযোগ থাকছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবারও কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাঁরা নিবন্ধন করে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।

