হবিগঞ্জে কারখানায় কম্প্রেসার বিস্ফোরণে কর্মকর্তা নিহত ১ আহত ২

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
হবিগঞ্জের একটি কারখানার স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণ হয়েছে। ছবি:সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি কারখানার স্পিনিং সাইডে কম্প্রেসার বিস্ফোরণে সোহেল রানা (৪০) নামের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সামিউল হক (২৫) ও সামছুল ইসলাম (২২) নামের দুই শ্রমিক আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা নারায়ণগঞ্জের বন্দর থানার দেওয়ানবাগ এলাকার মৃত লাল মিয়ার ছেলে। আহত সামিউল হক কুড়িগ্রামের ফুলবাড়ী থানার বাবাইতারি এলাকার এমদাদুল হকের ছেলে। আর সামছুল ইসলাম মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারখানার স্পিনিং সাইডে শ্রমিকেরা কাজ করছিলেন। এ সময় হঠাৎ একটি কম্প্রেসার বিস্ফোরিত হয়। এতে সোহেল রানা, সামিউল হক ও সামছুল ইসলাম গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সোহেল রানাকে মৃত ঘোষণা করেন। আহত সামিউল হক ও সামছুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা-পুলিশ হাসপাতালে যায়। পুলিশ নিহত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাধবপুর থানা-পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Share This Article
Leave a Comment