নিউজ ডেস্ক: কুমিল্লার দেবিদ্বারে মা ও ভাবিকে দা দিয়ে কুপিয়ে এবং আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর গ্রামের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ঘটনার পর ইমনকে হাতেনাতে ধরে একটি ঘরে আটকে রাখেন তাঁরা। নিহত পেয়ারা বেগম ইমনের মা। তাঁর আট মাস বয়সী ভাতিজিও ঘটনাস্থলে মারা যায়। এ ছাড়া হামলায় গুরুতর আহত ইমনের ভাবি রাবেয়া বেগমকে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে ইমন হঠাৎ উত্তেজিত হয়ে দা দিয়ে তাঁর মা পেয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করেন। এরপর আট মাস বয়সী ভাতিজিকে আছড়ে হত্যা করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ সময় রাবেয়া বেগম বাধা দিতে এগিয়ে এলে তাঁকেও দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন রাবেয়া বেগমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। একই সময় ইমনকে পাশের একটি ঘরে আটকে রাখা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ইমন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

