যুক্তরাষ্ট্রকে ইরানের রোডম্যাপ, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: চলমান সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রের কাছে একটি রোডম্যাপ পাঠিয়েছে ইরান। এতে পুরো অঞ্চলে সর্বোচ্চ ৬০ দিনের যুদ্ধবিরতি, ধাপে ধাপে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং সংঘাত বন্ধে বিস্তৃত আলোচনার সময়সূচির প্রস্তাব দেওয়া হয়েছে।

ইরানের প্রস্তাবে আরব প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের বিষয়টিও রাখা হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, কূটনৈতিকভাবে সংকট সমাধানের সুযোগ এখনো রয়েছে। তবে যেকোনো সমঝোতায় ইরানের দাবিগুলোকে গুরুত্ব দিতে হবে।

ইরানের অন্যতম দাবির মধ্যে রয়েছে দেশটির বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার। এর আগে ইরানি কর্মকর্তারা বলেছিলেন, তেহরানের শর্ত মেনে নেওয়া হলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব হতে পারে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, কূটনৈতিক সমাধানের পথ ওয়াশিংটনের জন্য এখনো খোলা রয়েছে। তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

দুই পক্ষের অবস্থান এখনো পরস্পরবিরোধী ও কঠোর। ফলে ইরানের নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে কতটা অগ্রগতি হবে, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।

Share This Article
Leave a Comment