সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতিকালে ৬০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাকসহ দুজনকে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ফেরিঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব সার ও ট্রাক জব্দ করা হয়। জব্দ করা ইউরিয়া সারের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ টাকা।
কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, বাঁশবাড়িয়া উপকূল দিয়ে বিপুল পরিমাণ ইউরিয়া সার সমুদ্রপথে মিয়ানমারে পাচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে—এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় দুটি ট্রাক থেকে ইউরিয়া সার একটি কার্গো বোটে তোলার দৃশ্য দেখতে পান কোস্ট গার্ডের সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে পাচারের সঙ্গে জড়িত কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা সম্ভব হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানে ৬০০ বস্তা ইউরিয়া সার ছাড়াও পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। পাশাপাশি সমুদ্রপথে সারসহ বিভিন্ন পণ্য পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

