নিউজ ডেস্ক
নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে রাজধানীতে পৃথক বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য নির্ধারিত এসব বাসের রং হবে গোলাপি। পাশাপাশি বাসগুলোর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।
আজ মঙ্গলবার (১৮ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এই বিশেষ বাস সার্ভিস চালুর কথা রয়েছে। সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন হবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।
যেসব রুটে চলবে ‘পিংক বাস’
বিআরটিসি জানিয়েছে, রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ককে কেন্দ্র করে নারী যাত্রীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হবে। প্রাথমিকভাবে নতুনবাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল, ডেমরা স্টাফ কোয়ার্টার-মতিঝিল, মিরপুর-১০-মতিঝিল, মিরপুর-১২-মতিঝিল, আব্দুল্লাহপুর-কোয়ার্টার-জিপিও, মিরপুর-মতিঝিল এবং মোহাম্মদপুর-মতিঝিল রুটে বাস চলাচল করবে।
এ ছাড়া গাজীপুর-বিমানবন্দর রুটেও বিশেষ বাস পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুনবাজার থেকে মতিঝিলগামী বাস কোকাকোলা, নতুনবাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলে পৌঁছাবে।
অন্যদিকে মিরপুর, মোহাম্মদপুর, ডেমরা ও আব্দুল্লাহপুর থেকে চলাচলকারী বাসগুলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও কর্মস্থলকেন্দ্রিক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করবে।
ঢাকার বাইরেও থাকবে সেবা
নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস শুধু ঢাকাতেই সীমাবদ্ধ থাকছে না। রাজধানীর বাইরে বগুড়া ও চট্টগ্রামেও চালু করা হচ্ছে নারী বাস সার্ভিস।
বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস পরিচালনার কথা জানিয়েছে বিআরটিসি।
চট্টগ্রামের বাসগুলো কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার হয়ে চলাচল করবে।
নারীদের যাতায়াত ও কর্মসংস্থানে নতুন উদ্যোগ
বিআরটিসির এই উদ্যোগকে গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে নারীদের যুক্ত করার ফলে পরিবহন খাতে তাদের কর্মসংস্থান ও অংশগ্রহণের সুযোগও বাড়বে বলে আশা করছে সংস্থাটি।
বিআরটিসি বলছে, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

