বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর ব্যস্ততা বাড়ছে। সামনে শীতের মৌসুম, এরই মধ্যে টানা কনসার্টের সূচি পেয়েছে ব্যান্ডটি। আগামী ছয় দিনে চারটি কনসার্টে গান পরিবেশন করবে তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি জানান ‘শিরোনামহীন’-এর প্রধান জিয়াউর রহমান। তিনি বলেন, ছয় দিনের মধ্যে চারটি কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।
সূচি অনুযায়ী, প্রথম কনসার্টটি হবে ২৭ সেপ্টেম্বর ঢাকার কবি নজরুল সরকারি কলেজ মাঠে। কলেজটির ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হবে নবীনবরণ উপলক্ষে এই কনসার্ট।
এরপর ৩০ সেপ্টেম্বর গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে গান করবে ‘শিরোনামহীন’। ১ অক্টোবর ঢাকার রেনেসাঁ হোটেলে এবং ২ অক্টোবর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তাদের পরবর্তী দুটি কনসার্ট অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন ধরে দেশে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে নানা প্রতিকূলতা দেখা গেছে। এর মধ্যে অনেক অনুষ্ঠান বাতিলও হয়েছে। এমন পরিস্থিতিতে ধারাবাহিকভাবে কনসার্ট আয়োজনকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যান্ডটির সদস্যরা। তাদের প্রত্যাশা, শিল্পীদের পরিবেশনা ও শ্রোতাদের অংশগ্রহণে আবারও মুখর হয়ে উঠবে দেশের কনসার্ট অঙ্গন।
বর্তমানে ‘শিরোনামহীন’-এর লাইনআপে রয়েছেন জিয়াউর রহমান (বেজ গিটার), কাজী আহমাদ শাফিন (ড্রামস ও সরোদ), শেখ ইশতিয়াক (ভোকাল), সাইমন চৌধুরী (কিবোর্ড) এবং সুদীপ্ত সিনহা দিপু (গিটার)।

