লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রামে বালুবাহী ট্রাকের চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি বাজার এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। স্থানীয়দের ধারণা, তাঁরা সবাই পাটগ্রাম উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রী নিয়ে একটি অটোরিকশা বুড়িমারী স্থলবন্দর থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাওয়া একটি বালুবাহী ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। পরে ট্রাকটি একটি দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান।
দুর্ঘটনায় আহত অন্তত আটজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুজন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

