নিউজ ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বারে নাম পরিবর্তনের হলের প্রধান নেওয়া হয়েছে। সেখানে থাকা ‘শহীদ ওসমান হাদি হল’ নামফলক সরিয়ে আবারও ‘শেখ মুজিবুর রহমান হল’ নামফলক স্থাপনের কাজ শুরু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে হলের প্রধান ফটক থেকে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নামফলকটি অপসারণের কার্যক্রম শুরু হয়।
হলের নামফলক পরিবর্তনের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে শেখ মুজিবুর রহমান হল সংসদের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, আগের নাম ফিরে আসায় হলের পরিচয় নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি কমবে।
তিনি জানান, হল প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নামফলক অপসারণের কাজ করা হচ্ছে।
হল ছাত্রদলের আহ্বায়ক সাঈফ আল ইসলাম দীপ বলেন, নাম পরিবর্তনের পর থেকে হলের পরিচয় নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল। বিশেষ করে অভিভাবকরা হলে এসে প্রবেশদ্বারে ভিন্ন নাম দেখে সমস্যায় পড়তেন। অনলাইনে পণ্য অর্ডারের ক্ষেত্রেও ডেলিভারি কর্মীদের একই ধরনের বিড়ম্বনায় পড়তে হতো।
তার ভাষ্য, প্রায় দেড় মাস আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে হলটির পূর্বের নাম বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের ভিত্তিতেই শিক্ষার্থী ও অভিভাবকদের বিভ্রান্তি দূর করতে নামফলকটি আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি। বিষয়টি নিয়ে অফিসে গিয়ে সরাসরি যোগাযোগের কথা জানান তিনি।
প্রসঙ্গত, ২০২৫ সালের ডিসেম্বর মাসে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ ওসমান হাদির মৃত্যুর পর একদল শিক্ষার্থী শেখ মুজিবুর রহমান হলের প্রবেশদ্বারে ‘শহীদ ওসমান হাদি হল’ লেখা নতুন নামফলক স্থাপন করেছিলেন।

