নিউজ ডেস্ক: নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের চাকরি না দেওয়ার কথা বলেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল-সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম। তাঁর দাবি, ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের শত্রু।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন হামিম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক।
ফেসবুক পোস্টে হামিম লেখেন, সাবেক ও বর্তমান ছাত্রলীগের কারও চাকরি হবে না, সামাজিক অবস্থানও থাকবে না। তাঁর ভাষ্য, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে শহীদ আনাস ও শহীদ আবরার ফাহাদের রক্ত রয়েছে।
তবে একই পোস্টে দেশপ্রেমিক ও মেধাবী কোনো ব্যক্তি যেন হয়রানি বা হেনস্তার শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার কথা বলেন তিনি।
ছাত্রশিবিরকে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে হামিম তাদের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি না করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, অতীতে ১৯৭১ সালের পর অনেকে ক্ষমা পেয়েছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরও সরকারের অংশ হয়ে দুর্নীতির অভিযোগ থাকা ব্যক্তিরা ছাড় পেয়েছেন। তবে এবার আর ক্ষমা করা হবে না—এমন বক্তব্যও দেন তিনি।

