অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল চলতি অক্টোবর মাসের শেষ সপ্তাহে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ হতে পারে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনাই বেশি।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্টার নিউজকে মুঠোফোনে এ তথ্য জানান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি জানান, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ২৯ অক্টোবরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। তাদের জন্য সারা দেশে ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র ছিল।

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দৈনিক উত্তর দিগন্ত

Share This Article
Leave a Comment