আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝআকাশে বিমানবাহিনীর দুটি বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। দেশটির বিমানবাহিনী এ প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত বিমান দুটি ছিল এসএফ-২৬০ মডেলের একক প্রপেলারচালিত সামরিক প্রশিক্ষণ বিমান।
ফিলিপাইন বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান এক বিবৃতিতে জানান, দুটি বিমানই ঘাঁটির সীমানার ভেতরে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় চার পাইলট নিহত হলেও অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত চলাকালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব বিমান সাময়িকভাবে উড্ডয়ন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বিমানবাহিনী।
ফিলিপাইনের সামরিক বিমানে সাম্প্রতিক বছরগুলোতে একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে। এর আগে চলতি বছরের মে মাসে দেশটির উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণ উড্ডয়নের সময় এসএফ-২৬০ মডেলের আরেকটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় দুই সামরিক পাইলট নিহত হন।

