নিজস্ব প্রতিবেদক:২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ দুই বিষয়ে মোট ৩ লাখ ৮২ হাজার ২১ জন পরীক্ষার্থী ফেল করেছেন।
প্রকাশিত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, ইংরেজি বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৪৩ হাজার ৫২৮ জন। অন্যদিকে, আইসিটি বিষয়ে ফেল করেছেন ১ লাখ ৩৮ হাজার ৪৯৩ জন শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট অংশ নেন ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। বিপরীতে অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন।
এবার সারা দেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ। সংশ্লিষ্ট পরিসংখ্যান অনুযায়ী, গত ২১ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাসের হার। এর আগে ২০০৪ সালে এইচএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৪৭ দশমিক ৭৪ শতাংশ।
শনিবার বেলা ১১টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফলাফলের সারসংক্ষেপ তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
ফেল করা বিষয়ে পুনরায় পরীক্ষার সুযোগ
পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কোনো শিক্ষার্থী যতটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন, তাঁকে শুধু সেই বিষয়গুলোতেই পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে।

