ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আবারও পোশাকশ্রমিকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর মিরপুরে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার (১ নভেম্বর) সকাল ৮টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর মোড় অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকালে মিরপুরের বিভিন্ন স্থান থেকে পোশাকশ্রমিকেরা জড়ো হয়ে মিরপুর-১০ নম্বর মোড়ে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রমিকদের একই দাবিতে গত শনিবারও (৩১ অক্টোবর) মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভের ঘটনা ঘটে। ওই দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর-১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবারের বিক্ষোভ একপর্যায়ে মিরপুর-১ নম্বরের শাহ আলী এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে কয়েকটি মার্কেট ও পোশাক কারখানায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের হাতাহাতি, পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের খবর পাওয়া যায়। এ ছাড়া কালশী এলাকায় একটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

এদিকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার মজুরি বোর্ড গঠনের কথা রয়েছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে এক বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তবে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রোববার সকাল থেকেই মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে সংশ্লিষ্ট এলাকায় যান চলাচলে ভোগান্তি তৈরি হয়েছে।

Share This Article
Leave a Comment