নিউজ ডেস্ক:রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান বলেন, রাড্ডা ক্লিনিক দখল ও ভাঙচুরের ঘটনায় সরকার ও সরকারি দল সাংগঠনিক ব্যবস্থা নিতে শুরু করেছে। তবে তার মতে, এত বড় ঘটনার ক্ষেত্রে শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয়। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে নিতে হবে। দেশবাসী এ ঘটনায় দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায় বলে মন্তব্য করেন তিনি।
এর আগে ২৪ সেপ্টেম্বর দিবাগত রাতে মিরপুর-১ এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে স্বাস্থ্যকেন্দ্রটির কয়েকটি স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রতিবেদনে ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির কথা উঠে এসেছে।
ঘটনাটি নিয়ে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নামও আলোচনায় আসে। তার বিরুদ্ধে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং মিষ্টি নিজে হামলার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান মিষ্টিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরে বৃহস্পতিবার তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

