নিজস্ব প্রতিবেদক :রাজধানীর বনানীতে গ্যাসের চুলার লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ ফিলিপাইনের নাগরিক কেইস্টিন ভার বুনাগ (৩২) মারা গেছেন। সোমবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আগুনে ওই নারীর শরীরের ৬৩ শতাংশ পুড়ে গিয়েছিল।
এর আগে গত বুধবার সকালে বনানীর ৭ নম্বর সড়কের একটি বাসায় রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে লিকেজ থেকে আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।
পরে তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ভবনটির পরিচালনার দায়িত্বে থাকা আল-আমিন জানান, কেইস্টিন ভার বুনাগ গত ১৫ অক্টোবর পর্যটক ভিসায় বাংলাদেশে আসেন। জাপানের এক নাগরিকের সঙ্গে দুই মাসের জন্য ওই বাসা ভাড়া নিয়েছিলেন তিনি।
আল-আমিনের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় জাপানি ওই নাগরিক বাসায় ছিলেন না। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গিয়ে আগুনে দগ্ধ হন কেইস্টিন ভার বুনাগ।

