মাদারীপুরে জামায়াত থেকে অব্যাহতি পাওয়া নেতার বাড়িতে হামলা, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ব্যানার নিয়ে তাঁর শাস্তির দাবিতে কর্মসূচি পালন করেন।

তাইজুল ইসলাম নিলখী ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। এলাকায় তিনি দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন। গত ২৫ অক্টোবর তাঁকে ঘিরে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, কবিরাজি চিকিৎসার কথা বলে নারীদের বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করতেন তাইজুল। ২৫ অক্টোবর কয়েকজন স্থানীয় ব্যক্তি তাঁকে হাতেনাতে আটক করেন বলে জানা গেছে। এর পরদিন সন্ধ্যায় ১২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশ না করার শর্তে এক নারী অভিযোগ করেন, তাইজুল তাঁকে পানির সঙ্গে কিছু খাইয়ে অচেতন করে রাখতেন। পরে তাঁর ওপর নির্যাতন চালাতেন। এ বিষয়ে বাধা দিলে স্বামী ও সন্তানদের ক্ষতি করার হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করেন ওই নারী। পাশাপাশি জিন-ভূতের ভয় দেখিয়ে এসব কর্মকাণ্ড করা হতো বলে তাঁর দাবি।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর শিবচর উপজেলা শাখা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রকাশিত হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তবে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তাইজুল ইসলাম দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে যে নারীকে দেখা গেছে, তিনি তাঁর স্ত্রী। এ বিষয়ে তাঁর বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঘটনার বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, সকালে তাইজুল ইসলামের শাস্তির দাবিতে স্থানীয় লোকজন মানববন্ধন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। পরে কয়েকজন তাঁর বাড়িঘরে ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা জামায়াতের আমির ছরোয়ার হোসাইন মৃধা বলেন, তাইজুল ইউনিয়ন পর্যায়ের নেতা ছিলেন। তাঁকে দলের সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘তাঁর বসতঘর স্থানীয় এক মব শ্রেণি গুঁড়িয়ে দিয়েছে, যা আইনগত অপরাধ। আমরা এ ধরনের সহিংসতা সমর্থন করি না। আইনের কাছে আমরা এর সঠিক বিচার প্রত্যাশা করছি।’

Share This Article
Leave a Comment