ছেলে এইচএসসিতে পাসের পর জেলা ছাত্রদল সভাপতির পোস্ট, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ছেলের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ার পর সমালোচনার মুখে পড়েন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খান। এর মধ্যেই মেয়াদোত্তীর্ণ হওয়ার কারণ দেখিয়ে জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করেই কমিটি বিলুপ্ত করা হয়েছে, এমন কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। শনিবার (৩১ অক্টোবর) ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষার্থী জোনায়েব ইসলাম মাহি উত্তীর্ণ হন। তিনি জেলা ছাত্রদলের সভাপতি শাহজাহান খানের ছেলে।

ছেলের সাফল্যে আনন্দ প্রকাশ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তার ছবি দিয়ে একটি পোস্ট দেন শাহজাহান খান। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।’

পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে শাহজাহান খান বলেন, ২০১৮ সালের পর চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নতুন কোনো কমিটি গঠন করা হয়নি। দলের দুঃসময় ছিল বলেও উল্লেখ করেন তিনি। তাঁর প্রশ্ন, একজন ছাত্রদল নেতার পরিবারের সদস্যের সাফল্য নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়া যাবে না কেন? তাঁদেরও তো সংসার রয়েছে।

এদিকে, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল। কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ হওয়ায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই এই দুই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উল্লেখ্য, ২০১৮ সালে শাহজাহান খানকে সভাপতি এবং মোমিনুর রহমান মোমিন মালিতাকে সাধারণ সম্পাদক করে চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। এরপর জেলায় নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।

Share This Article
Leave a Comment