জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির নেত্রী সামান্তা শারমিন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের রাজনীতি, দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চার অভাব, নারী অধিকার উপেক্ষা এবং পুরোনো রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তির অভিযোগ তুলে তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে পদত্যাগের বিষয়টি জানান সামান্তা শারমিন। একই সঙ্গে এনসিপির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে নিজের আপত্তি ও মতপার্থক্যের বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেন তিনি।
বিবৃতিতে সামান্তা শারমিন জানান, প্রায় এক বছর আগে এনসিপির জোট গঠনের প্রশ্নে তিনি ভিন্ন অবস্থান নিয়েছিলেন। তাঁর মতে, জামায়াতে ইসলামী নীতিগত কিংবা কৌশলগত কোনো বিবেচনাতেই এনসিপির রাজনৈতিক মিত্র হওয়ার উপযুক্ত নয়। দলটির সঙ্গে জোট গঠনের কারণে এনসিপিকে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হবে বলেও তিনি সতর্ক করেছিলেন।
তিনি বলেন, গত ১১ মাসে দলের বিভিন্ন পর্যায়ে লিখিতভাবে নিজের আপত্তি, প্রস্তাব ও রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরেছেন। আলোচনা ও বিতর্কের মাধ্যমে দলকে প্রাথমিক আদর্শিক অবস্থানে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। তবে এনসিপি প্রতিষ্ঠাকালীন মূল্যবোধের প্রতি আর আন্তরিক থাকতে পারবে বলে তিনি মনে করেন না।
জামায়াতের সঙ্গে জোট নিয়ে আপত্তি
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামান্তা শারমিন বলেন, এনসিপির রাজনীতির অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্রের সাংবিধানিক, আইনি ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার আনা। কিন্তু তাঁর অভিযোগ, জামায়াতে ইসলামী এসব সংস্কারকে নিজেদের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্র পরিচালনার পরিকল্পনার অংশ হিসেবে ধারণ করে না।
তাঁর ভাষ্য, জামায়াতের সঙ্গে রাজনৈতিক জোটের কারণে এনসিপির নিজস্ব আদর্শিক অবস্থান দুর্বল হয়েছে। এতে সংস্কারপন্থী সাধারণ মানুষের একটি অংশ দলটির রাজনীতি থেকে দূরে সরে যেতে বাধ্য হয়েছেন। বরং বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এনসিপিকে জামায়াতের অবস্থানের অনুসারী ও সহযোগী ভূমিকায় দেখা যাচ্ছে।
নির্বাচনী কৌশল নিয়েও অসন্তোষ
২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করেও দলের নেতৃত্বের সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। তাঁর মতে, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামোয় পরিবর্তনের সুযোগ তৈরি করতে পারত।
সামান্তা শারমিনের অভিযোগ, এনসিপি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান ধরে রেখে নির্বাচনে অংশ নেওয়ার পরিবর্তে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার পথ বেছে নিয়েছে। এতে দলটির নিজস্ব রাজনীতি ও গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন রাজনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও দাবি করেন, নির্বাচনী সাফল্যকে রাজনৈতিক পরিবর্তনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়ায় সংস্কারবিহীন ব্যবস্থার বিরুদ্ধে এনসিপির অবস্থান দুর্বল হয়েছে। এ বিষয়ে বিকল্প নির্বাচনী কৌশল ও রাজনৈতিক প্রভাব তৈরির একাধিক প্রস্তাব তিনি নেতৃত্বের কাছে দিয়েছিলেন বলেও জানান।
নারীর অধিকার ও রাজনৈতিক অংশগ্রহণ উপেক্ষার অভিযোগ
এনসিপির বিরুদ্ধে সামান্তা শারমিনের আরেকটি বড় অভিযোগ, দলটি নারীর রাজনৈতিক অধিকার, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সমান অংশগ্রহণ নিশ্চিত করতে পারেনি।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নারীরা সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনে তাঁদের সাহস, প্রতিরোধ ও সক্রিয় অংশগ্রহণ গণঅভ্যুত্থানকে সর্বজনীন রূপ দিয়েছিল। কিন্তু আন্দোলনের পর নারীদের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও ন্যায্য প্রতিনিধিত্বের বিষয়টি যথাযথ গুরুত্ব পায়নি।
তাঁর অভিযোগ, এনসিপিও পুরোনো রক্ষণশীল রাজনৈতিক ধারার বাইরে যেতে পারেনি। দলের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার পরিবর্তে পুরুষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নারীদের শুধু দলে অন্তর্ভুক্ত করাই যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, নেতৃত্ব, সাংগঠনিক ক্ষমতা ও নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা প্রয়োজন।
কাউন্সিল ছাড়াই কমিটি পুনর্গঠনের সমালোচনা
দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিয়েও প্রশ্ন তুলেছেন সামান্তা শারমিন। তাঁর অভিযোগ, নিয়মিত কাউন্সিল আয়োজন না করে পুনরায় আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি মনে করেন, নির্ধারিত সময়ে কাউন্সিল আয়োজন করা নেতৃত্বের জবাবদিহি, বৈধতা ও সদস্যদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। কিন্তু কাউন্সিল এড়িয়ে কমিটি পুনর্গঠনের মাধ্যমে এনসিপি পুরোনো রাজনৈতিক দলগুলোর মতোই ক্ষমতা কেন্দ্রীভূত করার প্রবণতা দেখিয়েছে।
তাঁর মতে, যে দল নিজের অভ্যন্তরে গণতান্ত্রিক নেতৃত্ব নির্বাচন নিশ্চিত করতে পারে না, সেই দলের পক্ষে রাষ্ট্রীয় পর্যায়ে গণতন্ত্র ও নিরপেক্ষতার দাবি কতটা বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা সম্ভব, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
নতুন রাজনৈতিক ঐক্যের আহ্বান
পদত্যাগের বিবৃতিতে সামান্তা শারমিন বাংলাদেশের রাজনীতিতে বিভাজনের পরিবর্তে ঐক্যের ভিত্তিতে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, দেশের প্রয়োজন এমন একটি রাজনৈতিক উদ্যোগ, যেখানে ভিন্নমত ও ভিন্ন বিশ্বাসের মানুষের সহাবস্থান থাকবে। গণতন্ত্র, সার্বভৌমত্ব, নারীর সমান অধিকার, অর্থনৈতিক ন্যায়বিচার এবং জাতীয় স্বার্থকে রাজনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
তাঁর মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারিত হওয়া উচিত দেশের জনগণের স্বার্থ ও সার্বভৌমত্বের ভিত্তিতে। ভারত, যুক্তরাষ্ট্র, চীনসহ কোনো রাষ্ট্রের প্রতি অন্ধ আনুগত্য কিংবা বিরোধিতার পরিবর্তে সব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একই জাতীয় স্বার্থের মানদণ্ড অনুসরণ করা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে তিনি নতুন গণতান্ত্রিক রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। এ বিষয়ে তাঁর সঙ্গে বিস্তারিত মতবিনিময় করতে আগ্রহীদের যোগাযোগের আহ্বানও জানিয়েছেন।

