গ্রাম পুলিশ সমাবেশে যোগ দিতে এসে দুজনের মৃত্যু, পরিবার পাবে ৩ লাখ টাকা করে

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আয়োজিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ ২০২৬’-এ যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ার পর তাঁদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই কারণে অসুস্থ আরও কয়েকজন সদস্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৭ নভেম্বর) মহাসমাবেশে অংশ নিতে রাজধানীতে আসার পথে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মো. জমসেদ আলী (৪৭) এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুরাইন ইউনিয়নের মো. কাইমুদ্দিন (৫৮)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সমাবেশস্থলে আসার পথে অতিরিক্ত গরমে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এদিকে অসুস্থ হয়ে পড়া অন্য গ্রাম পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে সমাবেশ শেষে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সেখানে চিকিৎসাধীন সদস্যদের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন এবং চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে অসুস্থ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি জানান, তাঁদের চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে।

নিহত দুই সদস্যের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান প্রতিমন্ত্রী। এ সময় সরকারের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এ ছাড়া নিহতদের পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরিতে নিয়োগ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। সরকারি খরচে মরদেহ দুটি নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।

Share This Article
Leave a Comment