সাংবাদিক হয়রানি ও জাতীয় সংগীত অবমাননায় পরীমনিকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ, হুমকি এবং জাতীয় সংগীত অবমাননার অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে (শামসুন্নাহার স্মৃতি) আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আদালত প্রাঙ্গণে ঘটে যাওয়া ঘটনার জন্য সাত দিনের মধ্যে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশালীন আচরণ ও কুরুচিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককেও নোটিশের অনুলিপি দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, আগামী সাত দিনের মধ্যে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। পাশাপাশি চলচ্চিত্র, ভিডিও কিংবা অন্য কোনো মাধ্যমে অশ্লীল বক্তব্য, হুমকি, আপত্তিকর অঙ্গভঙ্গি এবং শৈল্পিক বা শিক্ষামূলক মূল্যহীন নগ্ন ও কুরুচিপূর্ণ নাচ-গান থেকে ভবিষ্যতে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে পরীমনিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে। অন্যথায় পরবর্তী সময়ে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন সকাল ১১টা ৪০ মিনিটে গাড়ি থেকে নেমে আদালতের এজলাসের দিকে যাওয়ার সময় তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীদের ধাক্কাধাক্কি হয়।

এ সময় সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন পরীমনি কেড়ে নেন বলে নোটিশে অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় তাঁর নিরাপত্তারক্ষীরা রবিউলের ভিডিও ট্রাইপড ভেঙে ফেলেন বলেও উল্লেখ করা হয়।

এ ছাড়া ধাক্কাধাক্কির ঘটনায় জাগো নিউজের প্রতিবেদক আশিকুজ্জামান ও মাল্টিমিডিয়া প্রতিবেদক আবদুল্লাহ আল কাউছার, আগামীর সময়ের প্রতিবেদক সিয়াম হোসেন এবং টাইমস টুডের শাহ রিয়াজ আহত হন বলে নোটিশে দাবি করা হয়েছে। এ সময় সুজন চন্দ্র মণি দাস নামে এক বিচারপ্রার্থীর মাথা ফেটে রক্তপাতের ঘটনাও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

আইনি নোটিশে বলা হয়, আদালত প্রাঙ্গণে সবার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব। সেখানে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে পেশিশক্তি প্রদর্শন কিংবা আদালতের পরিবেশ নিয়ন্ত্রণের অধিকার কারও নেই।

নোটিশে আরও অভিযোগ করা হয়, আদালত থেকে বের হওয়ার পর পরীমনি সমকালের প্রতিবেদক রবিউল হোসাইনের দিকে তেড়ে যান। এ সময় তাঁকে উদ্দেশ করে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, পরীমনি তাঁকে বলেন, ‘এদিকে আয়, আমার হাত এভাবে ধরলি কেন?’ এবং ‘তোকে পিষে মেরে ফেলব’। এসব ঘটনার ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও নোটিশে উল্লেখ রয়েছে।

আইনজীবীর নোটিশে বলা হয়েছে, একজন পেশাদার সাংবাদিকের সঙ্গে এ ধরনের আচরণ তাঁর পেশাগত মর্যাদার জন্য অবমাননাকর। একই সঙ্গে এটি স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের পরিবেশের জন্য উদ্বেগজনক।

এদিকে, গত ৬ নভেম্বর পরীমনির ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশের জাতীয় সংগীতকে মিউজিক হিসেবে ব্যবহার করে একটি অশালীন পোস্ট প্রকাশের অভিযোগও নোটিশে আনা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।

 

Share This Article
Leave a Comment