শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে কূটনৈতিক প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং ভারতের সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের ঝুঁকি এড়ানোর যুক্তিতে এ নোটিশ পাঠানো হয়। বুধবার (১৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ আইনি নোটিশ পাঠান।

নোটিশটি মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের কাছে রেজিস্টার্ড ডাক ও ই-মেইলের মাধ্যমে পাঠানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রোটোকল ও জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশী রাষ্ট্রে তার দীর্ঘ অবস্থান এসব সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিয়ে ঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নোটিশদাতা।

এতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের সাবেক বা ক্ষমতাচ্যুত সরকারপ্রধান প্রতিবেশী রাষ্ট্রে দীর্ঘদিন অবস্থান করলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা ও বৈরিতা তৈরি হতে পারে। এমন পরিস্থিতি থেকে সামরিক সংঘাতের ঝুঁকিও সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজের যুক্তির পক্ষে নোটিশে ইয়েমেন ও ইউক্রেনের রাজনৈতিক পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদরাব্বুহ মানসুর হাদি সৌদি আরবে আশ্রয় নেওয়ার পর দেশটির রাজনৈতিক পরিস্থিতি আঞ্চলিক সংঘাতের দিকে গড়ায়। অন্যদিকে, ২০১৪ সালে ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় আশ্রয় নেওয়ার পর দুই দেশের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়।

নোটিশদাতার আশঙ্কা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্ভাব্য কূটনৈতিক বৈরিতা কিংবা সশস্ত্র সংঘাতের ঝুঁকি এড়াতে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এ ছাড়া সংবিধানের ৩১ অনুচ্ছেদে স্বীকৃত আইনের আশ্রয়লাভের মৌলিক অধিকার সমুন্নত রাখা এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়টিও আইনি নোটিশে গুরুত্ব পেয়েছে।

Share This Article
Leave a Comment