জয়পুরহাটের ডিসিকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জেলা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ঘটনায় জয়পুরহাটের জেলা প্রশাসককে (ডিসি) ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। শনিবার (৭ নভেম্বর) রাতে জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাইম ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি রাখা হয়নি। পাশাপাশি অনুষ্ঠানে এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করলেও জেলা প্রশাসক এ বিষয়ে নীরব ছিলেন বলে অভিযোগ করেছে ছাত্রদল।

এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসককে আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপসারণের দাবি জানানো হয়েছে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এ বিবৃতি দেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি জেলা ছাত্রদলের সভাপতি নিজেও নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে শুরুতেই অসন্তোষ ও হট্টগোল দেখা দেয়।

পরিস্থিতি সামাল দিতে পরে ব্যানারে তাঁর ছবি সংযুক্ত করা হয়। এরপর অনুষ্ঠান শুরু হলেও এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। একই সঙ্গে বিষয়টি তদন্তের নির্দেশ দেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী।

 

Share This Article
Leave a Comment