বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও সামগ্রিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন উপাচার্য। এ সময় রাষ্ট্রপতি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান আরও উন্নত করতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে তারা জাতীয় ও আন্তর্জাতিক কর্মক্ষেত্রে নিজেদের দক্ষতা ও যোগ্যতার পরিচয় দিতে পারে।

রাষ্ট্রপতি বলেন, যে শিক্ষা কর্মক্ষেত্রের প্রয়োজন মেটাতে পারে না এবং নতুন করে বেকারত্বের সুযোগ তৈরি করে, সেই শিক্ষা ব্যবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে। শিক্ষাকে আরও বাস্তবমুখী ও কর্মসংস্থান উপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাৎকালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান উপাচার্য। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a Comment