নিউজ ডেস্ক: বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা ধরে রাখতে শিক্ষাক্ষেত্রে গবেষণার পরিধি বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে প্রতিনিয়ত বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে মানসম্মত গবেষণা ও জ্ঞানচর্চার বিকল্প নেই।
রবিবার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করছি। প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও বেশি গুরুত্ব দিতে হবে।’
আগামী দিনের শিক্ষাব্যবস্থাকে বড় ধরনের বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার প্রতিটি স্তরে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা জরুরি।
তবে শিক্ষাক্ষেত্রে এআই ব্যবহারের পাশাপাশি এর অপব্যবহার রোধেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষার্থীদের কাছে পাঠদানকে আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষকদেরও শ্রেণিকক্ষে আনন্দদায়ক ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।
এ সময় শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলামকে সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি প্রশিক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

