নিজস্ব প্রতিবেদক:সংবিধান সংস্কার, গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন ইস্যুতে সরকার ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক মতবিরোধের মধ্যেই আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন। আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে এই অধিবেশন। এতে তিনটি অধ্যাদেশসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।
আগের তিনটি অধিবেশনের তুলনায় এবারের অধিবেশন সংক্ষিপ্ত হলেও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ, সংবিধান সংস্কার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জ্বালানি সংকটের মতো বিষয়গুলোতে সংসদে উত্তপ্ত আলোচনা হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
বিরোধী দল জানিয়েছে, সরকারের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি সংকট মোকাবিলা, গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে সংসদে নিজেদের অবস্থান তুলে ধরবে তারা।
এ বিষয়ে জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান মোমেন বলেন, সরকারকে আরও জবাবদিহির আওতায় আনতে বিরোধী দল কাজ করছে। বিভিন্ন জাতীয় ইস্যুতে তাদের উদ্বেগ ও পরামর্শ সংসদে তুলে ধরা হচ্ছে।
তিনি বলেন, আগের অধিবেশনেও জ্বালানি সংকট নিয়ে ২০ মিনিটের একটি উপস্থাপনা দেওয়া হয়েছিল। সংকট মোকাবিলায় সরকারের করণীয় এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় ধরে আলোচনা করে জনগণের বক্তব্য সংসদে তুলে ধরার চেষ্টা করছেন তাঁরা।
বিরোধীদের অংশগ্রহণ ছাড়াই সংবিধান সংশোধনের উদ্যোগের ইঙ্গিত
সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলের অংশগ্রহণের জন্য আর অপেক্ষা করতে চায় না সরকার। বিশেষ কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিরা অংশ না নিলে তাদের ছাড়াই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধনের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মণি।
তিনি বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে সমঝোতা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাই তাতে স্বাক্ষর করেছেন। বিশেষ কমিটি কেবল সুপারিশ দেবে। এরপর বিষয়টি সংসদে উত্থাপন করা হবে এবং বিস্তারিত আলোচনা হবে।
চিফ হুইপের ভাষ্য অনুযায়ী, বিরোধী দল তাদের অবস্থান ও প্রস্তাব তুলে ধরবে, পাশাপাশি সরকারও নিজেদের মতামত জানাবে। এরপর সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে বিবেচনা করা হবে।
তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে সংবিধান সংশোধনসংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে। এরপর আগামী জানুয়ারিতে সেগুলো সংসদে উত্থাপন করা হতে পারে।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার বিষয়টিও উল্লেখ করেন চিফ হুইপ। তবে তাঁর বক্তব্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সংশোধন পাসের সম্ভাবনার কথাও উঠে এসেছে।
এদিকে সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের অবস্থানের পার্থক্যের কারণে এবারের সংসদ অধিবেশন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

