নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠা হয়নি: গাজী আতাউর

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

ডেস্ক নিউজ: নারীর অধিকার ও মর্যাদার বিষয়টি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলেও দেশে নারীর প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা ও পরিবারবিষয়ক উপকমিটির এক সভায় তিনি এ মন্তব্য করেন।

গাজী আতাউর রহমান বলেন, নারীর অধিকার, মর্যাদা ও সম্মানের প্রশ্নকে সামনে রেখে নারীবাদ নামে একটি পৃথক আন্দোলন গড়ে উঠেছে। তবে দুঃখজনকভাবে নারীবাদ নারীর স্বার্থে যতটা কাজ করেছে, তার চেয়ে বেশি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশেও নারীবাদের নামে নানা ধরনের কার্যক্রম পরিচালিত হয়েছে।

তিনি বলেন, দেশে এ নিয়ে বহু সংগঠন গড়ে উঠেছে, হয়েছে নানা সভা-সমাবেশ। কিন্তু নারীর নিরাপত্তা, অধিকার, মর্যাদা ও সম্মানের ক্ষেত্রে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এ ক্ষেত্রে কাজ করতে চায় জানিয়ে দলের মহাসচিব বলেন, নারীর প্রকৃত সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। চলতি সেশনে দলের নারী উইংকে আরও সক্রিয়ভাবে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

সভায় দেশব্যাপী দলের বিভিন্ন শাখায় নারী সদস্যদের সক্রিয় করা, ছাত্রী উইংয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে দলের যুগ্ম মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রী ও মহিলা ইউনিটের নেতারাও সভায় অংশ নেন।

Share This Article
Leave a Comment