নিজস্ব প্রতিবেদক :চট্টগ্রামে চার দিনের ব্যবধানে দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন মোহাম্মদ কবীর। ডেঙ্গু ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে বড় ছেলের মৃত্যুর পর এবার মারা গেছে ১০ মাস বয়সী ছোট ছেলে মোহাম্মদ আবু বক্কর আরব। রোববার (৮ নভেম্বর) রাত ১টা ১০ মিনিটে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সে ডেঙ্গুর পাশাপাশি হামের উপসর্গেও ভুগছিল। এর আগে গত ৬ নভেম্বর একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কবীরের ৯ বছর বয়সী বড় ছেলে নূর মোহাম্মদ আরাফাত। মোহাম্মদ কবীর নগরীর হিলভিউ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন। জীবিকার তাগিদে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য খালাসের কাজ করেন তিনি।
পরিবারের সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ ধরে দুই সন্তানকে নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটেছেন কবীর। বড় ছেলে আরাফাতকে প্রথমে সাউদার্ন মেডিকেল, পরে ইমপেরিয়াল হাসপাতাল এবং সর্বশেষ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
বড় ছেলের মৃত্যুর পর একই হাসপাতালে চিকিৎসাধীন ছোট সন্তানকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালান তিনি। চিকিৎসক ও সৃষ্টিকর্তার কাছে সন্তানের সুস্থতার জন্য আকুতি জানিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ছোট ছেলেকেও হারাতে হলো তাঁকে।
দুই সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে নিজের সব সঞ্চয় শেষ করেছেন কবীর। পাশাপাশি স্বজন ও সহকর্মীদের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকার বেশি ঋণ নিয়েছেন। এত চেষ্টা ও অর্থ ব্যয়ের পরও দুই সন্তানকে বাঁচাতে না পারার বেদনায় ভেঙে পড়েছেন তিনি।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পিআইসিইউ প্রধান অধ্যাপক ডা. দিদারুল আলম জানান, কোনো শিশু একই সঙ্গে ডেঙ্গু ও হামে আক্রান্ত হলে শরীরের একাধিক অঙ্গের কার্যকারিতা বন্ধ হয়ে গুরুতর পরিস্থিতি তৈরি হতে পারে। শিশুটিকে বাঁচাতে চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে রক্ষা করা সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১১ জন শিশু। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে আরও ৫০ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে।
একই পরিবারের দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান হারানোর এই ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিশুদের ডেঙ্গু ও হাম থেকে সুরক্ষায় সচেতনতা এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়টিও নতুন করে সামনে এসেছে।

