ফরিদপুরে বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে ‘ঘুমন্ত’ চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় কালাচান (৫৫) নামে এক চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় বাসটির ভেতরে ঘুমিয়ে ছিলেন তিনি। নিহত কালাচান গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুর কারণ হিসেবে আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্ট বা দম বন্ধ হয়ে যাওয়াকে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরের গোয়ালচামট বাসস্ট্যান্ড এলাকার রাস্তার পাশে ‘কিশোর তন্ময়’ নামের লোকাল বাসটি পার্কিং করা ছিল। সোমবার গভীর রাতে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে বাসের ভেতরে থাকা চালক কালাচান দ্রুত বেরিয়ে এসে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন কালাচান। পরে তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, গভীর রাতে নতুন বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তিনি দ্রুত বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ সুপার আরও জানান, আগুনের ধোঁয়ার কারণে চালকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা এবং কী উদ্দেশ্যে বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।


Share This Article
Leave a Comment