নিজস্ব প্রতিবেদক :যাচাই-বাছাই ছাড়াই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি দেওয়ার ফলে দেশে উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, মানহীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েও অনেক তরুণ কর্মসংস্থান পাচ্ছেন না। কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার পরিবর্তে ব্যবসা ও অতিমুনাফা অর্জনের কেন্দ্রে পরিণত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার পূর্বাচলে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, একটি দেশের উচ্চশিক্ষার অগ্রগতি শুধু বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দিয়ে বিবেচনা করা যায় না। শিক্ষার মান, যুগোপযোগী পাঠ্যক্রম, দক্ষ ও যোগ্য শিক্ষক, শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান এবং কর্মসংস্থানের সুযোগের ওপরই বিশ্ববিদ্যালয়ের সাফল্য নির্ভর করে। দেশের শিক্ষাব্যবস্থার বর্তমান দুর্বলতা কাটিয়ে ওঠা জরুরি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশে বিভিন্ন ধারার শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। ফলে শিক্ষার সুযোগ, গুণগত মান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রে বৈষম্য তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে বিভিন্ন শিক্ষাধারার মধ্যে সমন্বয় করে একটি কার্যকর জাতীয় শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা অর্জনের পাশাপাশি দেশের ইতিহাস, ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যও ধরে রাখতে হবে।
উচ্চশিক্ষার সঙ্গে চাকরির বাজারের চাহিদার সামঞ্জস্য তৈরির ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষার প্রসারে কার্যকর উদ্যোগ নিতে হবে। ব্যবহারিক ও কারিগরি শিক্ষার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়ানো প্রয়োজন।
তরুণদের কেবল চাকরির পেছনে ছোটা কর্মী হিসেবে নয়, বরং দক্ষ জনশক্তি, উদ্যোক্তা ও নতুন কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিজিটাল প্রযুক্তির দ্রুত পরিবর্তনের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি বলেন, প্রযুক্তির অগ্রগতির কারণে কর্মক্ষেত্রের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বর্তমানে যেসব দক্ষতা গুরুত্বপূর্ণ, ভবিষ্যতে সেগুলোর পরিবর্তে নতুন দক্ষতার প্রয়োজন দেখা দিতে পারে। তাই শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন করলেই চলবে না; নিয়মিত শেখার আগ্রহ, স্বাধীনভাবে চিন্তা করা, সমস্যা সমাধান এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সক্ষমতা গড়ে তুলতে হবে।
তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার যেন মানুষের নিজস্ব চিন্তাশক্তি, সৃজনশীলতা ও বিচারবোধকে ক্ষতিগ্রস্ত না করে। প্রযুক্তি যত আধুনিকই হোক, মানুষের বিবেক, সততা, সহমর্মিতা ও নৈতিকতার বিকল্প হতে পারে না।
সমাবর্তনে সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, সমাবর্তন কেবল ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতা নয়; এটি দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার স্বীকৃতি। একই সঙ্গে অর্জিত জ্ঞানকে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজে লাগানোর দায়িত্বও তৈরি করে।
তিনি বলেন, উচ্চশিক্ষার সুযোগ পাওয়া শিক্ষার্থীরা সমাজের একটি সুবিধাপ্রাপ্ত অংশ। তাঁদের শিক্ষার পেছনে পরিবার ও রাষ্ট্রের উল্লেখযোগ্য অবদান রয়েছে। তাই ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি সমাজের মানুষের জীবনেও ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। শিক্ষার্থীদের সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সততা ও নৈতিকতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি, উপাচার্য, শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এবারের সমাবর্তনে মোট ২ হাজার ৬৭ জন শিক্ষার্থী ডিগ্রি গ্রহণ করছেন।

