নিজস্ব প্রতিবেদক | ঢাকা | রাজধানী ঢাকা থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলা। এই দুই উপজেলার প্রত্যন্ত জনপদ থেকে উঠে আসা একদল মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন এখন আরও বড়। তাঁদের চোখে উচ্চশিক্ষা, নিজেদের প্রতিষ্ঠিত করা এবং বিশ্বমঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার প্রত্যাশা।
এমনই একজন মেহেরিন খন্দকার। পাটগ্রামের জোংড়া গ্রামের বাসিন্দা তিনি। প্রতিদিন প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলেজে যাতায়াত করতেন। গ্রামে প্রায়ই বিদ্যুৎ থাকত না। রাতে লোডশেডিংয়ের কারণে পড়াশোনায় সমস্যা হতো। তাই দিনের আলোয় পড়া শেষ করতে ভোরেই ঘুম থেকে উঠতেন তিনি।
এত প্রতিকূলতার মধ্যেও থেমে থাকেননি মেহেরিন। পাটগ্রামের পুনম চাঁদ ভুতোরিয়া কলেজের মানবিক বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন তিনি। এর আগে এসএসসি পরীক্ষাতেও একই ফল করেছিলেন।
গ্রামের চেনা পরিবেশ ছেড়ে গত রোববার প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবন ঘুরে দেখার সুযোগ পান মেহেরিন। বইয়ের পাতায় যে আইনসভার কথা পড়েছেন, সেটি সরাসরি দেখতে পেরে ছিলেন উচ্ছ্বসিত। রাষ্ট্রবিজ্ঞানের প্রতি আগ্রহী মেহেরিন বলেন, ‘দেশের আইনসভা কীভাবে পরিচালিত হয়, তা দেখার খুব ইচ্ছে ছিল। আজ সেই ইচ্ছে পূরণ হলো।’
মেহেরিন একা নন, পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী এ সফরে অংশ নেন। জাতীয় সংসদ ভবন পরিদর্শনের পাশাপাশি তাঁরা সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে। প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানীতে এসে এমন অভিজ্ঞতা তাঁদের কাছে ছিল আনন্দ ও অনুপ্রেরণার।
এই দলের আরেক শিক্ষার্থী হাতীবান্ধার শারমীন আক্তার সীমানা। আলিমুদ্দিন সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন তিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন। তাঁর স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করা। স্নাতক শেষ করে ভবিষ্যতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নেওয়ারও ইচ্ছা রয়েছে তাঁর।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী মুগ্ধ করেছে সীমানাকে। এ অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ‘লুই আই কানের এই অনবদ্য স্থাপনার কথা বইয়ে পড়েছি। আজ বাস্তবে দেখলাম। ভবনটিকে যে পাশ থেকেই দেখি, পরিপূর্ণভাবে দেখতে পাই। এত বড় স্থাপনার সঙ্গে লেকের সবুজ পানি আমাকে মুগ্ধ করেছে।’
এই সফরে অংশ নেওয়া আরেক শিক্ষার্থী ইয়ামিন বিন আসাদ মাহিন। তিনি আলিমুদ্দিন সরকারি কলেজের শিক্ষার্থী। কলেজশিক্ষক বাবার আদর্শে বেড়ে ওঠা মাহিন এসএসসি ও এইচএসসি—দুই পরীক্ষাতেই মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁর বর্তমান লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া।
সংসদ ভবন পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা মাহিনের কাছেও বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চল থেকে এসে এমন বিশাল আয়োজন দেখা আমাদের জন্য বড় অনুপ্রেরণা। এটি সামনের কঠিন পথচলায় আত্মবিশ্বাস জোগাবে।’
প্রত্যন্ত গ্রামের সীমাবদ্ধতা পেরিয়ে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা এই শিক্ষার্থীদের কাছে রাজধানী সফর কেবল একটি ভ্রমণ নয়; বরং নিজেদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার এবং বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা।

