ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে চায় সরকার। সব আনুষ্ঠানিকতা শেষ করে ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে এখন পর্যন্ত দেশটি থেকে ৫৬৮টি ডিমান্ড লেটার পেয়েছে বাংলাদেশ সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।

তিনি জানান, মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএলের সহযোগিতায় কর্মী পাঠানোর কার্যক্রম দ্রুত শুরু করতে চায় বোয়েসেল। ডিসেম্বরের আগেই প্রক্রিয়াটি সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে কোনো কারণে এক-দুই দিন বিলম্ব হলে সেটি ভিন্ন বিষয় বলে উল্লেখ করেন তিনি।

সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ডিএইচএলে ১১২ জন বাংলাদেশি পুরুষ কর্মী নিয়োগের লক্ষ্যে চূড়ান্ত বাছাই কার্যক্রম শুরু হয়েছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর মালয়েশিয়ার কোম্পানি ডিএইচএল থেকে কর্মী নিয়োগের চাহিদাপত্র পাওয়া যায়। এরপর ৫ নভেম্বর অনলাইনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হলে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে।

আবেদনকারীদের সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ৮ নভেম্বর অনলাইন সফটওয়্যার লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে নির্বাচন করা হয়। এর মধ্যে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে ২০০ জন এবং টেকনিক্যাল স্কিল ওয়ার্কার পদে ১০০ জন রয়েছেন।

প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে পেশাগত দক্ষতা, ব্যবহারিক সক্ষমতা ও কাজের উপযোগিতা যাচাই করে ১১২ জনকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হবে। এ জন্য মালয়েশিয়া থেকে নয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। প্রতিনিধি দলটি ১২ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সরাসরি ব্যবহারিক পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করবে।

রাশেদুল হক বলেন, কর্মী বাছাইয়ে বোয়েসেল কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা যোগ্যতা যাচাই করে যাঁদের নির্বাচন করবেন, তাঁরাই চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন।

তিনি আরও জানান, পুরো নিয়োগ কার্যক্রম সরকারি ব্যবস্থাপনায় শূন্য অভিবাসন ব্যয়ে পরিচালিত হচ্ছে। নির্বাচিত কর্মীদের বিদেশে যাওয়ার জন্য সরকার নির্ধারিত সব অভিবাসন ব্যয় মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। এ ক্ষেত্রে বোয়েসেল কর্মী কিংবা নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অভিবাসন ব্যয় বা সার্ভিস চার্জ নেবে না।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল, মধ্যস্বত্বভোগী কিংবা অননুমোদিত ব্যক্তিকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক। কেউ অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে কিংবা কোনো প্রার্থী অনৈতিক লেনদেনে জড়িত হলে প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রাশেদুল হক বলেন, অর্থের অভাবে যেন কোনো যোগ্য ও কর্মক্ষম ব্যক্তি বিদেশে কাজের সুযোগ থেকে বঞ্চিত না হন, সেটিই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। শ্রমিকেরা যেন নিজেদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নিরাপদে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পান, তা নিশ্চিত করতে কাজ করছে বোয়েসেল।

Share This Article
Leave a Comment