নিজস্ব প্রতিবেদক:ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ও ডিবিসি নিউজের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি নিউজের কার্যালয় থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া) মো. আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জানতে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে তাকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামও জানান, ইকবাল সোবহান চৌধুরীকে আটক করা হয়নি। তিনি ডিবিসি কার্যালয়ে গেলে সেখানে তাকে ঘিরে মব সৃষ্টির চেষ্টা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। তিনি সেখানে কেন গিয়েছিলেন, তা জানাসহ বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলা হচ্ছে।
এ ঘটনায় ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও ক্রাইম চিফ রাজীব ঘোষের সঙ্গেও কথা বলছে গোয়েন্দা পুলিশ।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক সাংবাদিকদের জানান, ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি নিয়ে যাওয়ার বিষয়টি তারা পরে জানতে পেরেছেন। তার ভাষ্য অনুযায়ী, অফিস থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা এসে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেননি তারা।
মুক্তাদির অনিক আরও জানান, জুলাই অভ্যুত্থানের সময়ের কোনো মামলার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না, তা নিয়ে তারা খোঁজখবর নিচ্ছেন।
ইকবাল সোবহান চৌধুরী বর্তমানে ডিবিসি নিউজের কোনো পদে নেই। তবে অতীতে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

