ন্যূনতম কাগজপত্রেই মিলবে এনআইডি সেবা

নিজস্ব প্রতিবেদক
4 Min Read

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা পেতে নাগরিকদের ভোগান্তি কমাতে ন্যূনতম কাগজপত্রের ভিত্তিতে সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে এনআইডি-সংক্রান্ত দুর্নীতি ও হয়রানির বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের কথা জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘জাতীয় পরিচয়পত্র সেবা কার্যক্রম’ শীর্ষক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন সিইসি।

নির্বাচন কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে এ এম এম নাসির উদ্দিন বলেন, সাধারণ মানুষের সচেতনতা ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা বিবেচনায় নিয়ে সেবা দিতে হবে। অপ্রয়োজনীয় কাগজপত্র চেয়ে নাগরিকদের হয়রানি করা যাবে না। মৌলিক তথ্য ও প্রয়োজনীয় ন্যূনতম নথির ভিত্তিতেই সেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, এনআইডি সেবা নিয়ে নাগরিকদের অভিযোগ আর শুনতে চান না তিনি। আবেদনকারীদের এক দপ্তর থেকে অন্য দপ্তরে পাঠানো কিংবা একে অন্যের ওপর দায় চাপানোর প্রবণতা বন্ধ করতে হবে। সেবার ক্ষেত্রে সমস্যা থাকলে তার সমাধান বের করার দায়িত্ব সংশ্লিষ্ট কর্মকর্তাদেরই নিতে হবে।

দীর্ঘদিন ধরে আবেদন ঝুলে থাকার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সিইসি। তিনি জানান, প্রতিদিন তাঁর কাছে স্বাক্ষরের জন্য আসা বিভিন্ন আবেদনের মধ্যে ছয়-সাতটি থাকে এনআইডি-সংক্রান্ত। এসব আবেদনে অনেকেই ছয় মাস, ১০ মাস কিংবা কয়েক বছর আগে আবেদন করেও সেবা না পাওয়ার অভিযোগ করেন। পত্রপত্রিকায় এনআইডি সেবা নিয়ে হয়রানির খবর প্রকাশিত হলেও তিনি বিব্রত হন।

আবেদন গ্রহণের পর নাগরিকদের দ্রুত অবহিত করার নির্দেশ দিয়ে সিইসি বলেন, আবেদন জমা পড়ার সঙ্গে সঙ্গেই আবেদনকারীকে বার্তা পাঠিয়ে তা গ্রহণ ও প্রক্রিয়াধীন থাকার বিষয়টি জানাতে হবে। কোনো কাগজপত্রের ঘাটতি থাকলে সেটিও স্পষ্ট করতে হবে। প্রয়োজনে আবেদনকারীকে মেমো বা সিরিয়াল নম্বর দিতে হবে, যাতে তিনি পরবর্তী সময়ে আবেদনের অগ্রগতি জানতে পারেন।

গ্রামাঞ্চলের বয়স্ক ও প্রযুক্তি ব্যবহারে অনভিজ্ঞ মানুষের বিষয়টি বিশেষভাবে বিবেচনার আহ্বান জানান তিনি। সবার পক্ষে অনলাইনে আবেদন করা কিংবা ওয়েবসাইট থেকে এনআইডি ডাউনলোড করা সম্ভব নয় উল্লেখ করে সিইসি বলেন, নাগরিকদের বাস্তব সক্ষমতা অনুযায়ী সেবা সহজ করতে হবে। প্রয়োজনে স্মার্ট কার্ডের বিকল্প ব্যবস্থাও বিবেচনায় নিতে হবে।

জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, এনআইডি শুধু একটি পরিচয়পত্র নয়, এটি নাগরিকের গুরুত্বপূর্ণ পরিচয়সংক্রান্ত দলিল। মৃত ব্যক্তির তথ্য ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্যরা সরকারি সুযোগ-সুবিধা হারানোর আশঙ্কায় মৃত্যুর তথ্য দিতে অনাগ্রহী হতে পারেন। এ ধরনের বিষয় বিবেচনায় নিয়েই কার্যকর সমাধান খুঁজতে হবে।

তিনি আরও বলেন, দেশের সব প্রতিষ্ঠানের নথিপত্রের শুদ্ধতার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। তবে এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্র কী হবে, তা স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। এতে নাগরিকদের অপ্রয়োজনীয় ভোগান্তি কমবে।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, এ পর্যন্ত ৬৫ লাখ এনআইডি সংশোধনের আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে গত দুই বছরে নিষ্পত্তি হয়েছে ১৭ লাখের বেশি আবেদন।

তিনি বলেন, এনআইডি সেবা দিতে গিয়ে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে কমিশনকে। নাগরিকদের অসাবধানতা, বিভিন্ন দোকান ও তৃতীয় পক্ষের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এবং কিছু ক্ষেত্রে প্রতারণা ও অসততার কারণে সেবা কার্যক্রম জটিল হয়ে উঠছে।

এসব সমস্যা চিহ্নিত করে নাগরিকদের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত এনআইডি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment