আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। তাঁর দাবি, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় করা দুর্নীতির অভিযোগের কারণে ২০২৫ সালে যুক্তরাজ্য সরকারের মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল তাঁকে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসনের এমপি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি। বাংলাদেশের কর্তৃপক্ষের অভিযোগ ছিল, শেখ হাসিনার সঙ্গে পারিবারিক সম্পর্কের প্রভাব খাটিয়ে তিনি অনৈতিক সুবিধা নিয়েছেন।
গত বছরের ডিসেম্বরে পূর্বাচলে পরিবারের জন্য প্লট বরাদ্দে প্রভাব বিস্তারের অভিযোগে বাংলাদেশের একটি মামলায় অনুপস্থিত অবস্থায় টিউলিপকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়েছিল। তবে লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
এর আগে ২০২৫ সালে দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেছিলেন তিনি। সে সময় তাঁর দাবি ছিল, শেখ হাসিনা ও মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের কারণে তিনি পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সম্প্রতি ‘পলিটিকস আনলিশড’ নামের একটি পডকাস্টে অংশ নিয়ে টিউলিপ নিজেকে উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবীর পরামর্শ অনুযায়ী, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তিনি।
টিউলিপের অভিযোগ, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিত জানতে একাধিকবার চেষ্টা করেও বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো জবাব পাননি। তাঁর আইনজীবীরাও এ বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন বলে দাবি করেন তিনি।
এ ছাড়া লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা চিঠি পাঠানোর কথাও জানান টিউলিপ। তাঁর দাবি, সামনাসামনি আলোচনার জন্য একাধিকবার চেষ্টা করলেও ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে রাজি হননি।
নিজের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে টিউলিপ বলেন, তিনি নিজেকে নির্দোষ মনে করেন। এমনকি তাঁকে কী অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়েও স্পষ্ট ধারণা ছিল না তাঁর। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ দেখেই সাজা হওয়ার খবর প্রথম জানতে পারেন বলে দাবি করেন তিনি।
এদিকে বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও জানিয়েছেন টিউলিপ। তাঁর ভাষ্য, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর যুক্তরাষ্ট্র সফরে থাকা স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।
তবে টিউলিপকে নিয়ে বারবার রাজনৈতিক প্রশ্ন ওঠায় শেষ পর্যন্ত মন্ত্রিত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এ বিষয়ে ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য জানতে চেয়েছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

