নিউজ ডেস্ক:রাজশাহীতে আদালত চত্বরে অ্যাডভোকেট ইয়ামিন আলীর ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই আইনজীবী। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। হামলার পর পালানোর চেষ্টা করলে কয়েকজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আইনজীবী ইয়ামিন আলীর সঙ্গে একটি পক্ষের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে ইয়ামিন আলীর দায়ের করা একটি মামলায় রোববার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন পান অভিযুক্তরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদালত ভবন থেকে বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি ইয়ামিন আলীকে ঘিরে ধরেন। এরপর তারা সংঘবদ্ধভাবে তার ওপর হামলা চালান। এলোপাতাড়ি মারধরে তার মাথা ফেটে যায়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তিনি দৌড়ে পাশের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।
এদিকে, হামলার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে উপস্থিত লোকজন কয়েকজনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আহত আইনজীবী ইয়ামিন আলী অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন কিছুদিন আগে তার বাম হাত ভেঙে দিয়েছিল। এ ঘটনায় তিনি মামলা দায়ের করেন। রোববার ওই মামলার আসামিরা আদালত থেকে জামিন পাওয়ার পর তার জন্য আদালত চত্বরে অপেক্ষা করছিলেন। আদালত ভবন থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।
এ বিষয়ে রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী বলেন, “এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা কর্মক্ষেত্রে আইনজীবীদের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা এ ঘটনাকে মোটেও ছোট করে দেখছি না। মামলা করব।”
রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।
এ ঘটনায় আদালত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

