পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read

পাবনা প্রতিনিধি: পাবনায় তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত প্রতিবেশী মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে উত্তেজিত জনতা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, স্থানীয় লোকজন একত্র হয়ে মোস্তফা প্রামাণিকের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছিল। জুমার নামাজের পর স্থানীয় অনেক মানুষ একত্র হয়ে অভিযুক্তের বাড়িতে হামলা চালান।

আরেক প্রত্যক্ষদর্শী জানান, ঘটনার পর এলাকায় আতঙ্কও তৈরি হয়েছে। স্থানীয় লোকজন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে আগে থেকেই পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তবে স্থানীয় লোকজনের তুলনায় পুলিশের সংখ্যা কম থাকায় তাৎক্ষণিকভাবে হামলা ঠেকানো সম্ভব হয়নি। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় কামরুন্নাহার কলি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। পরে এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়।

নিখোঁজের সাত দিন পর গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দী অবস্থায় কলির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় শিশুটির প্রতিবেশী মোস্তফা প্রামাণিক ও তাঁর ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, ঘটনার দিন হত্যার আগে গ্রেপ্তার আসামিরা কলিকে মোস্তফা প্রামাণিকের মুদি দোকানের পেছনের একটি ঘরে নিয়ে যায়। পুলিশের তদন্তে সেখানে শিশুটিকে ধর্ষণ ও হত্যার তথ্য উঠে এসেছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share This Article
Leave a Comment