আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আগামী ডিসেম্বরে ঠেকানোর মতো কোনো শক্তি নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সত্যিই শক্তিশালী হলে তাদের দেশ ছেড়ে পালাতে হতো না।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপি সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, বর্তমান সরকার জনগণের আস্থার ভিত্তি নষ্ট করেছে। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এ দেশের মানুষ অতীতে বারবার বিভিন্ন অপশক্তির নির্যাতনের শিকার হয়েছে। তবে প্রতিবারই সেই পরিস্থিতি মোকাবিলা করে জাতি ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে মানুষের মধ্যে রাষ্ট্র সংস্কার নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার সেই সংস্কারের পথ থেকে সরে এসেছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির নেতাকর্মীদের সতর্ক ও সংগঠিত থাকার আহ্বান জানান। নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের চেষ্টা ঠেকাতে সবাইকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশনা দেন তিনি।

শিক্ষাব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, শিক্ষা খাত নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। জোরপূর্বক চর দখলের মতো বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপাচার্য ও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হচ্ছে।

 

Share This Article
Leave a Comment