দক্ষিণ এশিয়ায় ১২ কেজি এলপিজির দাম সবচেয়ে বেশি বাংলাদেশে

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রান্নার কাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার ক্রমেই বাড়ছে। তবে দেশভেদে সিলিন্ডারের আকার ও বাজারচাহিদায় পার্থক্য রয়েছে। ভারত ও নেপালে ১৪ দশমিক ২ কেজি, পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজি, শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজি এবং বাংলাদেশে ১২ কেজির সিলিন্ডারের চাহিদা বেশি।

এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন সবচেয়ে বেশি বাংলাদেশে। গত সোমবার ২২৩ টাকা বাড়ানোর পর দেশে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০ টাকা। একই পরিমাণ এলপিজির দাম পাকিস্তানে ১ হাজার ৫৮৩ টাকা, শ্রীলঙ্কায় ১ হাজার ৫৬৭ টাকা, নেপালে ১ হাজার ৪২৬ টাকা এবং ভারতের কলকাতায় ১ হাজার ৭২ টাকা।

ভারতে এলপিজির দাম

ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান অয়েলের তথ্য অনুযায়ী, দেশটিতে ১৪ দশমিক ২ কেজির সিলিন্ডারের দাম দিল্লিতে ৯৪২ রুপি এবং কলকাতায় ৯৬৮ রুপি। বিনিময় হার অনুযায়ী, কলকাতায় প্রতি কেজি এলপিজির দাম প্রায় শূন্য দশমিক ৭১৮ ডলার। সেই হিসাবে বাংলাদেশি মুদ্রায় ১২ কেজি এলপিজির মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৭২ টাকা।

ভারতে স্বল্প আয়ের গ্রাহকদের জন্য প্রতি সিলিন্ডারে ৩০০ রুপি ভর্তুকি দেওয়া হয়। তবে একজন গ্রাহক বছরে সর্বোচ্চ চারবার এ সুবিধা নিতে পারেন। ভর্তুকি পেতে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। ভর্তুকি বাদে সিলিন্ডারের বাজারমূল্য হিসাব করেই তুলনামূলক দাম নির্ধারণ করা হয়েছে।

নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চিত্র

নেপালেও সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ১৪ দশমিক ২ কেজির এলপিজি সিলিন্ডার। নেপাল অয়েল করপোরেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে এর দাম ২ হাজার ৬০ নেপালি রুপি। মুদ্রা বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় ১ হাজার ৪২৬ টাকা।

শ্রীলঙ্কায় সাড়ে ১২ কেজির সিলিন্ডারের চাহিদা বেশি। দেশটির সরকারি প্রতিষ্ঠান লিট্রো গ্যাসের তথ্য অনুযায়ী, এ সিলিন্ডারের দাম ৪ হাজার ৩৬৫ রুপি। ১২ কেজির সমপরিমাণ এলপিজির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬৭ টাকা।

অন্যদিকে পাকিস্তানে ১১ দশমিক ৮ কেজির সিলিন্ডারের দাম ৩ হাজার ৪৭০ রুপি। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে ১২ কেজির সমপরিমাণ এলপিজির দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৮৩ টাকা।

বাংলাদেশে দাম বেশি হওয়ার কারণ

প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশে এলপিজির দাম বেশি হওয়ার পেছনে পরিবহন ব্যয়কে অন্যতম কারণ হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) তথ্য অনুযায়ী, দেশে প্রতি টন এলপিজি পরিবহনে জাহাজভাড়া দিতে হয় প্রায় ২৫০ ডলার। বিপরীতে ভারতে এ ব্যয় সর্বোচ্চ ৬৫ ডলার, পাকিস্তানে ৮০ ডলার এবং শ্রীলঙ্কায় ৯৫ ডলার।

তবে প্রতিবেশী দেশগুলোতেও সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির অভিযোগ রয়েছে। চাহিদা বেড়ে গেলে এসব দেশের স্থানীয় বাজারেও নির্ধারিত মূল্যের বাইরে সিলিন্ডার বিক্রির ঘটনা ঘটে।

সব মিলিয়ে, আমদানি ও পরিবহন ব্যয়সহ বাজারসংশ্লিষ্ট বিভিন্ন কারণে বাংলাদেশে এলপিজির দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি বলে সংশ্লিষ্ট তথ্য থেকে ধারণা পাওয়া যায়।

Share This Article
Leave a Comment