নিজস্ব প্রতিবেদক | দৈনিক উত্তর দিগন্ত :সংকটকবলিত তিন দেশ লেবানন, মিয়ানমার ও দক্ষিণ সুদানের তিন লাখের বেশি শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার সহায়তার ঘোষণা দিয়েছে জাতিসংঘের শিক্ষা তহবিল ‘এডুকেশন ক্যানট ওয়েট’ (ইসিডব্লিউ)।
শুক্রবার (২০ নভেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় এ অর্থায়নের ঘোষণা দেওয়া হয়। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অর্থের মাধ্যমে সংকটে শিক্ষার সুযোগ হারানো শিশুদের আবারও বিদ্যালয়ে ফিরিয়ে আনা, পড়াশোনার ঘাটতি পূরণ এবং জরুরি পরিস্থিতিতেও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হবে।
ইসিডব্লিউর পরিচালক মায়সা জালবুত জানান, ঘোষিত অর্থের মধ্যে লেবাননের প্রায় ৫৯ হাজার শিশুর জন্য ১ কোটি ৩০ লাখ ডলার, মিয়ানমারের দেড় লাখের বেশি শিশুর জন্য ১ কোটি ৬০ লাখ ডলার এবং দক্ষিণ সুদানের এক লাখের বেশি শিশুর জন্য ২ কোটি ৩০ লাখ ডলার বরাদ্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে নতুন কোনো সংকট তৈরি হলে যাতে শিশুদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সম্ভাব্য বিপর্যয়ের আগাম সতর্কসংকেত নির্ধারিত পর্যায়ে পৌঁছালে দ্রুত অর্থ ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এ লক্ষ্যে ইতিমধ্যে ৫০ লাখ ডলারের বেশি অর্থ অনুমোদন করা হয়েছে।
মায়সা জালবুত বলেন, অতীতে প্রতিটি নতুন সংকট দেখা দেওয়ার পর বিশ্ব সম্প্রদায় শিক্ষা খাতে অর্থায়নের উদ্যোগ নিয়েছে। তবে সংকট মোকাবিলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সহায়তা নিশ্চিত করাও জরুরি।
তিনি জানান, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত এক সম্মেলনে দাতাদের সহযোগিতায় ইসিডব্লিউর ৬০ কোটি ডলারের তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রার প্রায় ৯০ শতাংশ অর্জিত হয়েছে। তবে অন্যান্য সংকটাপন্ন দেশের শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে এখনো অতিরিক্ত ৫ কোটি ৮০ লাখ ডলার প্রয়োজন।
সূত্র: স্টার নিউজ

